মাহামারী করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে সীমিত পরিসরে চলছে ডাকঘরের কার্যক্রম। গত ২৮ মার্চ থেকে জিপিও, জেলা প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিস, টাউন সাব পোস্ট অফিসসমূহ এবং সীমিত সংখ্যক গ্রামীণ ডাকঘর ও ডিজিটাল ডাকঘরের কার্যক্রম চালু রয়েছে। সকল কার্যদিবসে ১০টা হতে দুপর ১টা পর্যন্ত চলছে কার্যক্রম।
অবশ্য বিকেলেও জিপিও দেখা গেছে সেবাগ্রহিতাদের নিরাপদ দূরত্বে অপেক্ষা করার দৃশ্য।

বাংলাদেশ ডাক বিভাগ সূত্রমতে, এই স্বল্প সময়ে ৫ লাখ জনগণকে সেবা দিয়েছে তারা। ডাকের মাধ্যমে জনগণকে ৪ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। আর জমা নিয়েছে ৯৪ লাখ টাকা।
আর এই কর্মচাঞ্চলতায় ডাক বিভাগের কর্মীদের অভিনন্দন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিলো দেশের মানুষের অত্যবশ্যকীয় সেবা ডাক বিভাগ চালু রাখা। এজন্য আমাদের ডাক কর্মীদের সুরক্ষা দেবার বিষয়টি ছিলো অতি জরুরি। সোমবার দেশের সকল অঞ্চলে আমরা সুরক্ষা সামগ্রীর আরও বড় একটি চালান পাঠিয়েছি। সামনে এই সেবার পরিসর ও মান আরও বাড়বে বলে প্রত্যাশা করি।